‘বৃহস্পতিবারের কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই’

‘বৃহস্পতিবারের কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তথাকথিত বৃহস্পতিবারের কর্মসূচি নিয়ে নগরবাসীর অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। এরই অংশ হিসেবে সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়ে ঝটিকা মিছিলের আয়োজন করছে। একই সঙ্গে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের এই অপতৎপরতা রোধে সচেষ্ট রয়েছে।

সাজ্জাত আলী জানান, গত ১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এধরণের অপকর্মে জড়িত মোট ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসা। বর্তমানে বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন লাগিয়ে নাশকতাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি।

এসময় ঢাকায় আসা কাউকে আশ্রয় দেওয়ার আগে তার পরিচয় নিশ্চিত হওয়া এবং হোটেল ও গেস্ট হাউজে জাতীয় পরিচয়পত্র দেখে অতিথি ওঠানোর অনুরোধ করেন ডিএমপি কমিশনার। এছাড়া তিনি ব্যক্তিগত ও যেকোনো ধরনের বাণিজ্যিক যানবাহন যেন কোনো অবস্থাতে অরক্ষিত না থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

সাজ্জাত আলী বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে পুলিশ যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সক্ষম। একাজে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad