চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীদের ভূমিধস জয়কে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং-এর উদ্যোগে আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ সংলাপে অংশ নেন ডাকসুর এই সাবেক ভিপি।
সম্পতি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পায় শিবির সমর্থিত প্যানেলের প্রার্থিরা।
সেই প্রসঙ্গ টেনে নুর বলেন, ‘ছাত্রদল ও শিবির নানা বাস্তবতায় এতদিন ক্যাম্পাসে যেতে পারতো না, প্রকাশ্যে পরিচয়ও দিতো না। শিবির তো একেবারে নিষিদ্ধই ছিল। তারপরও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার। এটা আমার কাছে রহস্যজনক।’
শিবির সমর্থিত প্রার্থীরা প্রকাশ্য পরিচয় দেওয়ার পরও কেন শিক্ষার্থীরা জেনেশুনে তাদের ভোট দিলেন এমন প্রশ্ন তুলে নুর বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর- এই চার বিশ্ববিদ্যালয়ে শিবিরের একেবারে ভূমিধস বিজয় হয়েছে। সবাই জানে স্বতন্ত্ররা যারা জিতছে তারাও শিবিরের নেক্সাসের। তাহলে প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিল?’
এ প্রশ্নের জবাব নিজেই খুঁজে পেয়েছেন জানিয়ে গণঅধিকার পরিষদ নেতা বলেন, ‘আমার বিশ্লেষণে শিবিরের এই সাফল্যের পেছনে ছিল তাদের ওয়েলফেয়ার বেইজড পলিটিক্স (কল্যাণের রাজনীতি)। তারা ছাত্রদের নানা সুবিধা দেওয়ার ইশতেহার দিয়েছেন। অনেকে তাৎক্ষণিকভাবেই কিছু নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করেছেন। এমনও শুনেছি, কিছু হাসপাতালে শিবির চুক্তি করেছে যেখানে তাদের সদস্যদের পরিবার খুব কম খরচে চিকিৎসা নিতে পারে।’
‘গ্রামে আমরা দেখি ৫০০ থেকে ১০০০ টাকায় মানুষ আরেকজনকে ভোট দিয়ে দেয়। বাছ-বিচার করেন না। সেই জনসচেতনতার অভাবে অযোগ্য মানুষ সংসদে ঢুকে যায়, নেতৃত্ব পেয়ে যায়। সুবিধার বিনিময়ে শিবির প্রার্থীদের নির্বাচিত করার ক্ষেত্রে উচ্চশিক্ষিত তরুণরাও তো একই কাজ করেছে’, অভিযোগ করেন নুরুল হক নুর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।


