তরুণদের উদ্ভাবন, উদ্যোগ ও নৈতিক নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে। যাতে তারা নিজেদের দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।’
রোববার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
সি আর আবরার বলেন, ‘আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।’
‘শিক্ষা কোনো ব্যয় নয়। এটি হলো শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম পরিচালনা করছে বলে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা।
ড. আবরার ২০২৪ এ জুলাই আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদের স্মরণ করেন, বিশেষভাবে আইইউটি অ্যালামনাই জাহিদুজ্জামান তানভিন-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আইইউটির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সমাজের অগ্রগতির জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক এবং ওআইসি সদস্যদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওআইসি-এর সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর আফতাব আহমেদ খোখের, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান (সমাবর্তন বক্তা), এবং আইইউটি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।


