অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গেছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারা।
প্রতিনিধি দলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই সনদ বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ৩১ আগস্ট বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। সেসময় দলগুলোকে জানানো হয়েছিল, নির্বাচন নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। সঠিক সময়ে অর্থাৎ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
এরপর গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


