গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৩৮ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ২৫৭ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩০১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এর বাইরে ঢাকা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে তিনজন রোগী ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


