ঢাকায় পৌঁছানোর একদিন পর মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রোটোকল নূরুল ইসলামের কাছে তাঁর পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন। এ সময় তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ক্রিস্টেনসেন বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানেন। কারণ, তিনি আগে ঢাকায় দায়িত্ব পালন করেছেন এবং প্রায় দুই দশক আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ডেস্ক অফিসার হিসেবেও কাজ করেছেন।
এই কর্মকর্তা আরও বলেন, ‘রাষ্ট্রদূত ভবিষ্যতে পারস্পরিক সম্পৃক্ততা জোরদারে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।’
তিনি আরও জানান, রাষ্ট্রদূত বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন।
ওই কর্মকর্তা জানান, নির্বাচনকালীন ক্রিস্টেনসেন ঢাকার বাইরে সফর করবেন এবং রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পক্ষের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে। এর আগে, সোমবার ঢাকায় পৌঁছান ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার শপথ অনুষ্ঠান শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কিন সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য ক্রিস্টেনসেন সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।


