আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ ও ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে চার দফা দাবি উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার বিকালে নির্বাচন কমিশনে গিয়ে ডাকসুর পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
ডাকসুর উত্থাপিত দাবিগুলো হলো ভোটকেন্দ্রের চারশ গজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করা এবং ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করা। ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করা। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
এ বিষয়ে শিগগিরই নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও ইসির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া, ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত পুনরায় বিবেচনা এবং বাকি দাবিগুলোর ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইসি বলে মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমরা রাজপথে থাকছি, তরুণরা প্রতিটি কেন্দ্রে পাহারা দেবে।’


