ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনের জন্য প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শনিবার বেলা সাড়ে ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসন সংখ্যার মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন রয়েছে।


