ময়মনসিংহের গৌরীপুরে কোরান শরীফ অবমাননার অভিযোগে সহিংস ঘটনার পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম শাওন চন্দ্র দাস (২৩)। তিনি গৌরীপুর উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা ও গৌরীপুর সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাওন কোরান শরীফের ওপর পা রেখে ছবি তুলে নিজের ইমু আইডিতে প্রকাশ করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। উত্তেজিত জনতা গৌরীপুর পৌরসভার মডেল মসজিদের সামনে জড়ো হয়ে অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শাওনের অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


