ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি’র প্রথম বৈঠক মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব শেষে কমিটির সামগ্রিক কার্যপরিধি এবং বেসরকারি বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান ও কার্যপ্রণালি বিধির বিভিন্ন আইনি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সকল সংসদ সদস্যকে সচেতন করতে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বেসরকারি বিলের খসড়া প্রস্তুত করতে সংসদ সদস্যদের প্রয়োজনীয় কারিগরি ও আইনি সহায়তা প্রদানের জন্য সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও সচেষ্ট হওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকের প্রারম্ভে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় সংসদ সচিবালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


