দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সিউলের দ্য শিলা সিউল হোটেলে সম্মেলনের উদ্বোধন হয়। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টি যৌথভাবে এর আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম প্ল্যানারি সেশনে বক্তব্য দেন ইসমাইল জবিউল্লাহ। তিনি বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক আস্থা জরুরি। গণতন্ত্রের ভিত্তি হতে হবে জবাবদিহি, স্বচ্ছতা, আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ম্যান্ডেটকে সেবা করার দায়িত্ব হিসেবে বিবেচনা করে। সংঘাতের পরিবর্তে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী তারেক রহমান।
ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদাকে স্থান দিতে হবে। আন্তর্জাতিক নীতি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে।
অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর এমন কোনো অবস্থান নেওয়া উচিত নয়, যাতে অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। আন্তসীমান্ত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, এআই উৎপাদনশীলতা বাড়ালেও লাখ লাখ মানুষের কর্মসংস্থানের জন্য হুমকি হয়ে উঠছে। আধুনিক যুদ্ধেও এর ব্যবহার উদ্বেগজনক। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিন্ন কৌশলগত নীতিপত্র তৈরির আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নে ন্যায্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
তরুণদের মধ্যে ভুল তথ্যের প্রভাব এবং বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সংকট নিয়েও উদ্বেগ জানান তিনি। তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আইসিএপিপিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিএনপির প্রতিনিধিদলে ইসমাইল জবিউল্লাহর সঙ্গে রয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও সালাহউদ্দিন আইয়ুবী। এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন ও মো. আলাউদ্দিন।
জাতীয় পার্টির প্রতিনিধিদলে রয়েছেন মো. মমতাজ উদ্দিন ও মো. আলাহান উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন কে এম বিল্লাল ও মো. রাজন সিকদার।
আগামী ৬ নভেম্বর পর্যন্ত সম্মেলন চলবে। ৭ নভেম্বর অংশগ্রহণকারীদের দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।


