বাংলাদেশের হ্যান্ডবলে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেফারি ব্যাজ অর্জন করেছেন দুই রেফারি শান্ত মিয়া ও মো. আলমগীর। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (এএইচএফ) স্বীকৃতি পাওয়ায় এখন থেকে এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালনের সুযোগ পাবেন তারা।
এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে পাকিস্তানের ফয়সালাবাদে গত ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ‘কন্টিনেন্টাল হ্যান্ডবল রেফারিজ কোর্সে’ সফলভাবে অংশ নিয়ে এই স্বীকৃতি অর্জন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের (বিএইচএফ) এই দুই রেফারি।
সোমবার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে আন্তর্জাতিক রেফারি ব্যাজ তুলে দেন কোর্স পরিচালক ও এএইচএফের প্লেয়িং রুলস কমিশনের (পিআরসি) চেয়ারম্যান সালেহ বিন আশওর।
১৯৮৩ সালে বাংলাদেশে হ্যান্ডবলের যাত্রা শুরুর পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়, কোচ ও সংগঠকদের পাশাপাশি রেফারিরাও দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ও এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের আমন্ত্রণ ও অনুমোদনে বাংলাদেশের বেশ কয়েকজন রেফারি দেশে-বিদেশে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে এতদিন বাংলাদেশের কোনো রেফারির এএইচএফের আনুষ্ঠানিক আন্তর্জাতিক রেফারি ব্যাজ ছিল না। শান্ত ও আলমগীরের এই অর্জনের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।
এই স্বীকৃতি দুই রেফারির ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের হ্যান্ডবল, বিশেষ করে রেফারিংয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। তাদের সাফল্য দেশের অন্য রেফারিদেরও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
কোর্সে অংশ নিতে গত ২২ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন শান্ত ও আলমগীর। আগামী ৬ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।


