দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের ২৯ অক্টোবরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য নথিভুক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৯৫ জনের। সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪৪ এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১২৩ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। চট্টগ্রামে ২৫৭, সিলেটে ১৩১, খুলনায় ১২২, বরিশালে ১০০, ময়মনসিংহে ৯১, রংপুরে ৩৭ এবং রাজশাহীতে ৩০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।
এ সময়ে সন্দেহজনক হামে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন, বরিশালে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ২ লাখ ১ হাজার ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।


