রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় চলন্ত অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মোটরসাইকেলের মালিক মো. রাকিব হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার জানান, মামলার পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই।
আইনজীবীর দাবি, ঘটনার পর প্রথমে যে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছিল, সেটির মালিক রাকিব। তবে ছিনতাইয়ে ওই মোটরসাইকেল ব্যবহার করা হয়নি। ঘটনার সময় সেটি গ্যারেজে ছিল, যার সিসিটিভি ফুটেজও রয়েছে। পরে ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। হয়রানি করতে রাকিবকে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রনজিলা পারভীন (৫৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্বামী মো. আবদুল মতিনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় ঢাকায় যাচ্ছিলেন তিনি।
ভোর ৫টা ৫৫ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়। এতে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
মামলার পরদিন, ৩০ আগস্ট র্যাব-২ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল জব্দ করা হয়। পরদিন আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


