ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হকের নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে রিটকারী আলাউদ্দিন আল মাসুমকে আগামী ১৬ নভেম্বর আপিল বিভাগে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ফজলুল হকের দায়িত্ব পালন ও পরবর্তী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই।
আদালতে বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মো. তাজুল ইসলাম।
গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে এফবিসিসিআইয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হককে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং মন্ত্রণালয়কে তা অবহিত করার কথা।
এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলাউদ্দিন আল মাসুম। গত ১৭ আগস্ট হাইকোর্ট রুল জারির পাশাপাশি একটি আদেশ দেন। এতে বলা হয়, ফজলুল হক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এফবিসিসিআইয়ের দায়িত্ব নেবেন এবং চার মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বাণিজ্য সচিব। বৃহস্পতিবার শুনানি শেষে চেম্বার বিচারপতি আদেশটি স্থগিত করেন।
আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট এমন কোনো নির্দেশ দিতে পারেন না, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকারকে আইনগতভাবে করতে বাধ্য করা যায় না। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। এর ফলে সরকার-নিযুক্ত প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালন ও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনি বাধা থাকল না। আইন অনুযায়ী, প্রশাসকের দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
রিটকারী আলাউদ্দিন আল মাসুম এর আগে এফবিসিসিআই নিয়ে একাধিক রিট করেছেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, তার কর্মকাণ্ডের বিষয়টি বৃহস্পতিবার চেম্বার বিচারপতির সামনে তুলে ধরা হয়েছে। আদালতকে বিভ্রান্ত করা বা ক্ষেত্রবিশেষে আদালত অবমাননার শামিল কর্মকাণ্ডের অভিযোগে তাকে আগামী ১৬ নভেম্বর সশরীরে আপিল বিভাগে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।


