রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে আলোচিত ‘ফোর স্টার’ গ্রুপের সাতজনসহ আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
বুধবার এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল রানা (২৬), মো. সায়মন (২০), মো. রমজান (২২), মো. বিজয় (২৩), মো. ফজলে রাব্বি চিকু (২৩), মো. আফসার হোসেন জিম (১৯), মো. জাহাঙ্গীর হোসেন ও মো. মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম।
এসআরবি-৪ জানায়, মঙ্গলবার রাতে পল্লবী থানার সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজন ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর-মামুন পক্ষের সদস্য। অন্যজন মোক্তার গ্রুপের সদস্য।
পল্লবীর একটি বাসা থেকে আফসার ও সায়মনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৪-এর তথ্য অনুযায়ী, জিম ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর-মামুন পক্ষের উদীয়মান শুটার। তার বিরুদ্ধে জায়গা দখল, হোটেলকক্ষে আটকে ব্ল্যাকমেইল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সায়মনের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ ও গুলিবর্ষণে জড়িত থাকার অভিযোগ আছে।
অভিযানে জাহাঙ্গীরের কাছ থেকে ২৫টি ইয়াবা ও ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া বিজয়ের বিরুদ্ধে দুটি, রমজানের বিরুদ্ধে দুটি, রাব্বির বিরুদ্ধে একটি এবং মিশনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
এসআরবি-৪-এর দাবি, গ্রুপটির সদস্যরা পল্লবী ও রূপনগর এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।


