চুয়েটের আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে প্রতিবাদ সমাবেশ

চুয়েটের আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে প্রতিবাদ সমাবেশ
চুয়েটে উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে চুয়েটের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের বাসে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার রাজধানীর শাহবাগ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এর আগে, সোমবার বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘অমিত্রাক্ষর ২১’-এর নামে প্রকাশিত এক বিবৃতিতে চুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানানো হয়। বিবৃতিতে চুয়েটের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, একটি বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান নয়, বরং স্বাধীন চিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের মতামত উপেক্ষা করা কোনোভাবেই কাম্য নয়।

বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, চুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকদের আপত্তির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিল আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নেতৃত্বের গ্রহণযোগ্যতা শুধু আনুষ্ঠানিক নিয়োগের ওপর নির্ভর করে না, বরং বিশ্ববিদ্যালয় পরিবারের আস্থা অর্জনের ওপরও নির্ভরশীল।

বিবৃতিতে চুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যানের অবস্থানের সঙ্গে একাত্মতা জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের বক্তব্যকে যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত একটি স্বচ্ছ, যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, চুয়েটের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং বিশ্ববিদ্যালয়ের বাসে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে ঢাকায় অবস্থানরত চুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad