চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে তালাবদ্ধ রেখে বাইরে পিকনিক ও অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাত ৯টায় উপাচার্য ভবনের সামনে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে খিচুড়ি রান্না করে একসঙ্গে খাওয়ার পরিকল্পনা করেছেন তারা।
এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের ভেতরের ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। এর আগে তারা উপাচার্যকে দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার আলটিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে, সোমবার সন্ধ্যায় তালাবদ্ধ ফটকের ভেতরে অবস্থানরত উপাচার্যসহ অন্যদের জন্য খাবার পৌঁছে দেন শিক্ষার্থীরা। তাদের জন্য কলা, লেক্সাস বিস্কুট, পানি ও অন্যান্য খাবার পাঠানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ও আন্দোলন অব্যাহত থাকবে। এ কর্মসূচিতে সব ব্যাচের শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপাচার্য ভবনের সামনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মূল দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া। বর্তমান উপাচার্যের নিয়োগের প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা।


