যুব উন্নয়নের প্রশ্নফাঁস: ছাত্রদলের নিন্দা ও জড়িতদের কঠোর শাস্তির দাবি

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: ছাত্রদলের নিন্দা ও জড়িতদের কঠোর শাস্তির দাবি
Advertisement
Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। অতীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণিত অভিযোগের পরও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বিপরীতে প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা স্থগিত করা শ্রেয়তর পদক্ষেপ।

এতে আরও বলা হয়, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস একটি গর্হিত অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিজ্ঞপ্তিতে বলেন, লক্ষাধিক পরীক্ষার্থী ঢাকায় এসে পরীক্ষার শেষ মুহূর্তে স্থগিতের খবর পাওয়ায় অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চাকরিপ্রার্থীদের যে মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তা অপরিমেয়। চাকরিপ্রার্থীদের এ ধরনের ক্ষতি ও ভোগান্তির বিষয়ে ছাত্রদল সমব্যথী।

তারা বলেন, ‘আমরা এই অমার্জনীয় অপরাধের নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁসকারী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। ভবিষ্যতে যেকোনো উপায়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad