চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানের খবর পেয়ে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াছিনের চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬টি গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থান ও অস্ত্র মজুতের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশের একটি দল সেখানে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। একপর্যায়ে তারা পাহাড়ের ভেতরের দিকে পালিয়ে আত্মগোপনের চেষ্টা করে।
পরে পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিনের চার সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছিল। পুলিশের উপস্থিতি ও অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে চলতি বছরের ৯ মার্চ জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়েছিল। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য ওই অভিযানে অংশ নেন। অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াছিন ও রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হন।


