শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার দুপুর ১২টায় বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। হাদি হত্যার বিচার নিয়ে ‘প্রহসন’ ও তদন্ত বারবার পেছানোর প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ বিন জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ বিন জাবের অভিযোগ করেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত, আওয়ামী লীগ এবং ‘র’ জড়িত। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই আন্দোলন ও ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ডিসেম্বরের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে শাপলা ট্র্যাজেডি ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারও নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিন দফা দাবি
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে– শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
এর পাশাপাশি ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত কথিত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।
বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া
কর্মসূচির শুরুতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে আবরার, ওসমান হাদিসহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে বন্দর এলাকার সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।
প্রথম দিনে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেঁতুলিয়ায় গিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হবে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে এই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করার কথা রয়েছে।
সংগঠনটির নেতারা বলেন, ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। ‘মার্চ ফর ইনসাফ’-এর মাধ্যমে তারা দাবিগুলোর পক্ষে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করছেন।


