ভারতের দক্ষিণ দিনাজপুরে ২৫ বাংলাদেশি আটক

ভারতের দক্ষিণ দিনাজপুরে ২৫ বাংলাদেশি আটক
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

উন্মুক্ত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে ২৫ বাংলাদেশি। তাদের বেআইনিভাবে বাংলাদেশে পার করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক দালালকেও। তিনি ভারতীয় নাগরিক।

মঙ্গলবার ভোরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় ওই বাংলাদেশিদের প্রথমে আটকে রেখে বিএসএফ ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার পুলিশ ও স্থানীয় বিএসএফ জওয়ানরা। জিজ্ঞাসাবাদের জন্য তাদের স্থানীয় বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেকদিন আগেই ওই ২৫ জন বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর কাজের সূত্রে ভারতের কাশ্মীরে গিয়েছিলেন। তাদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না বলেও দাবি স্থানীয়দের। এরপর অবৈধভাবে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে মঙ্গলবার রাতে তারা কুশমন্ডির লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় জড়ো হন। আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয়রা দেখে ফেললে তারা ধানক্ষেতে লুকিয়ে পড়ার চেষ্টা করেন। তবে লাভের লাভ কিছু হয়নি।

এলাকার বাসিন্দাদের দাবি, বাংলাদেশে ফেরার জন্য গঙ্গারামপুরের কাজলতোর এলাকার বাসিন্দা বাবলু রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা। ওই দালালের মাধ্যমেই বাংলাদেশিরা পঞ্চনগরের কদমতলায় এসে জড়ো হয়েছিলেন। মঙ্গলবার ভোরে একই জায়গায় এতজন অপরিচিত মানুষকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাদের জিজ্ঞাসাবাদের পর বিষয়টি বিএসএফকে জানানো হয়। পরে বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে ২৫ জনকে হেফাজতে নেওয়ার পাশাপাশি বাবলু রায়কেও আটক করেন।

আরও পড়ুন

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। বর্তমানে তাদের হোল্ডিং সেন্টারে নাকি অন্য কোথাও পাঠানো হবে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি পুলিশ কর্মকর্তারা।

কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করলে তাদের হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকেই বিজিবির সঙ্গে আলোচনা করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে বিএসএফ।

কলকাতার বাংলাদেশ উপ-হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে তারা খোঁজ-খবর নিচ্ছেন। মোট কত জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন তাদের তালিকা জেলা প্রশাসনের কাছ থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad