গাজীপুর মহানগরীর গাছা ও টঙ্গীতে পৃথক দুটি আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে গাছা থানাধীন ডেগেরচালা এলাকার একটি পোশাক কারখানায় ভবনের ছাদে অন্তত ৬৯ জন শ্রমিক আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্পেশাল লেডারের মাধ্যমে তাদের উদ্ধার করে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
এ সময় প্রচণ্ড ধোঁয়া ও আতঙ্কে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে, একই দিনে টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ম্যাট্রিক্স স্টাইলস কারখানায় আগুন
শনিবার বেলা পৌনে ৩টার দিকে গাছা থানাধীন ডেগেরচালা এলাকার ‘ম্যাট্রিক্স স্টাইলস’ নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষে শ্রমিকেরা কাজ শুরু করার কিছুক্ষণ পর কারখানার সাততলা ভবনের তৃতীয় তলার গুদাম থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ভবনজুড়ে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক দেখা দেয়।
এ সময় অনেক শ্রমিক হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেও ওপরের তলার একটি অংশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ভবনের ছাদে আশ্রয় নেন এবং সেখানে ৬৯ জন শ্রমিক আটকা পড়েন।
খবর পেয়ে ভোগড়া ও জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা টার্নটেবল লেডার (টিটিএল) ব্যবহার করে ছাদে আটকা ৬৯ জন শ্রমিককে একে একে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
উদ্ধারের সময় আতঙ্কে ও ধোঁয়ায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন জ্ঞান হারান, যাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীকালে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপপরিচালক ছালেহ উদ্দিন জানান, পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আগুন পুরোপুরি নেভানোর পর ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি এবং নিখোঁজ থাকার বিষয়েও কোনো স্বজন বা শ্রমিক অভিযোগ করেননি। তদন্ত শেষে আগুনের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
এদিকে, একই দিন বিকাল পৌনে ৫টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় উইনডি গার্মেন্টসের পাশে অবস্থিত শাহিনের একটি ঝুটের গুদামে আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, আগুন লাগা প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।


