কুষ্টিয়ার ভেড়ামারায় সাদিয়া (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাহাদুরপুর মেঘনাপাড়া এলাকা থেকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সাদিয়া ওই এলাকার ইয়ানুর রহমানের মেয়ে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একই এলাকার আসিফ নামে এক তরুণের সঙ্গে সাদিয়ার বিয়ের বিষয়ে পারিবারিকভাবে কথাবার্তা চলছিল। একপর্যায়ে বিয়ের বিষয়টি প্রায় চূড়ান্তও হয়। পরিবারের পক্ষ থেকে সাদিয়াকে আংটি ও নাকফুল পরানো হয়েছিল। তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


