রূপপুরে সেফটি ভালভের সমস্যা সমাধান, পরীক্ষা সফল

রূপপুরে সেফটি ভালভের সমস্যা সমাধান, পরীক্ষা সফল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইউনিটটির প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিআরওভি) সমস্যা সমাধানের পর উচ্চচাপে এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার সকালে ১৬ মেগাপাসকেল চাপে ভালভটির পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার রাত পর্যন্ত চলে। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে পুরো পরীক্ষা পরিচালনা করা হয়।

তিনি জানান, পরীক্ষার শুরুতে কন্ট্রোল ভাল্বগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। ফল সন্তোষজনক পাওয়ার পর মেইন সেফটি ভালভের কার্যক্রম ও প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়। এ সময় ভালভের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, প্রতিক্রিয়া, অ্যালার্মসহ বিভিন্ন প্রক্রিয়াগত পরামিতি পর্যবেক্ষণ করা হয়।

জায়েদুল হাসান বলেন, ‘পিআরওভি পরীক্ষার সফল সমাপ্তি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত।’

তিনি বলেন, ‘কমিশনিং কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন, ব্রিফিং ও নিরাপত্তা শর্ত নিশ্চিত হওয়ার পর প্রতিটি পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে গিয়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত পদ্ধতি ও নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরুর আগে ও চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব ব্যবস্থা যাচাই করা হয়।

আরও পড়ুন

পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে ভাল্বটির আরেকটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছে। প্রতিটি ধাপ যাচাই শেষে পরবর্তী কার্যক্রম শুরু করা হচ্ছে।

এর আগে সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে ত্রুটি মেরামত ও বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।

রূপপুরের ভালভের সমস্যা সমাধানে গত ২২ সেপ্টেম্বর রাশিয়া থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। রাশিয়ার পরমাণু প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি এএসই ইউনিট-১ চালুর জন্য ইউনিট-২ থেকে একটি পাইলট-অপারেটেড রিলিফ ভালভের ইউনিট-১-এ স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা তখন এ তথ্য জানিয়েছিলেন।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের প্রথম চালান আজ দুপুর নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রূপপুর প্রকল্পের নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ সরবরাহ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, একাধিক ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে আনা হবে।

এনপিসিবিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সাধারণত জ্বালানিবাহী ফ্লাইট বৃহস্পতিবার রাতে বাংলাদেশে পৌঁছায়। পরদিন শুক্রবার সকালে বিশেষ নিরাপত্তায় জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।

সে অনুযায়ী, বৃহস্পতিবার প্রথম চালান পৌঁছানোর পর শুক্রবার বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়াম ঢাকার বিমানবন্দর থেকে সড়কপথে ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নেওয়ার কথা রয়েছে। এটি দ্বিতীয় ইউনিটের প্রথম জ্বালানি চালান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad