যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ দ্বিতীয়বারের মতো দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
বুধবার প্রকাশিত এই বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে যবিপ্রবির অবস্থান ১ হাজার ১ থেকে ১ হাজার ২০০-এর ব্যান্ডের মধ্যে। এবারের তালিকায় বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার সব কয়টির অবস্থান ৮০০-এর পরের ব্যান্ডে।
শিক্ষা ও গবেষণার পরিবেশ, গবেষণার মান, প্রভাব এবং আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনা করে এই স্থান নির্ধারণ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ৮০১ থেকে ১ হাজারের মধ্যে থাকা দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রথম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বিতীয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং নর্থ সাউথ ইউইনিভার্সিটি চতুর্থ অবস্থানে রয়েছে।
১ হাজার ১ থেকে ১ হাজার ২০০-এর ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পঞ্চম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ষষ্ঠ, ব্র্যাক ইউনিভার্সিটি সপ্তম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অষ্টম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি নবম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম অবস্থানে রয়েছে।
এই অর্জনে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর বলেন, ‘দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ অর্জন যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।’
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান একে একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফারুক হাসান জানান, শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টার পাশাপাশি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এ অগ্রগতিতে ভূমিকা রেখেছে।
আগের বছর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এ যবিপ্রবির অবস্থান ছিল ১ হাজার ১ থেকে ২ হাজারের ব্যান্ডের মধ্যে। সেখান থেকে এবার অবস্থানের উন্নতি ঘটে ১ হাজার ১ থেকে ১ হাজার ২০০-এর ব্যান্ডের মধ্যে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।


