দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর মাতৃত্বের শুরুর দিকের অভিজ্ঞতা ও অনুভূতি ঘিরে একটি বিশেষ প্রকল্প সাজাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথম সন্তান দুয়ার জন্মের প্রায় দুই বছর পর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির ঘরে আসে এই নতুন সদস্য।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মাতৃত্বের এই নতুন ইনিংস কেবল ব্যক্তিগত আনন্দের মাঝে সীমাবদ্ধ রাখছেন না দীপিকা। দুই সন্তানকে লালন-পালনের বাস্তব অভিজ্ঞতাকে অনুপ্রেরণা করে নীরবে একটি বিশেষ প্রকল্প সাজাচ্ছেন তিনি। তবে উদ্যোগটির বিস্তারিত রূপরেখা এখনো প্রকাশ্যে আনা হয়নি।
এই পরিকল্পনা বাস্তবায়নে তার সহযোগী হিসেবে কাজ করছেন ভারত ও যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা এবং ভোগ্যপণ্য খাতে অভিজ্ঞ সাবিকা পাটনী, যিনি সম্প্রতি নারী স্বাস্থ্য এবং মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষায় কাজ করছেন।
এর আগে ২০১৫ সালে নিজের বিষণ্ণতা ও উদ্বেগের কথা জানিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতায় ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ গড়ে তুলেছিলেন দীপিকা।
মাতৃত্বের নতুন অধ্যায়ে থাকলেও অভিনয় থেকে দূরে সরছেন না তিনি। সামনে শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ এবং অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমাতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।


