রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনে কার্নিশ বেয়ে উপরে ওঠার সময় নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম হৃদয় (২৬)।
রোববার ভোরে কামরাঙ্গীরচর মাদবর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, নিহত হৃদয়ের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামে। বাবার নাম মো. শাহজাহান। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর পাকাপোল এলাকায় থাকতেন।
এসআই আরও জানান, হৃদয় নামে ওই যুবক শনিবার রাতে মাদবর বাজার এলাকার একটি তিন তলা বাড়ির কার্নিশ বেয়ে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। হয়তো পা পিছলে সেখান থেকে নিচে পড়ে মারা যান। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, তিনি ভবনটিতে চুরি করতে উঠেছিলেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, হৃদয়ের তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিনি অটোরিকশা চালাতেন এবং মাদকাসক্ত ছিলেন। শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি।


