দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট প্রকল্প এবং বিডিরেনের মধ্যে চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভাকক্ষে ‘ই-বুকস ফর ইউজিসি ডিজিটাল লাইব্রেরি’ বিষয়ে এ চুক্তি সই হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক আসাদুজ্জামান।
চুক্তির আওতায় দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সাতটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৩০ হাজারের বেশি ই-বুক, ই-জার্নালসহ বিভিন্ন গবেষণা উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘শিক্ষা ও গবেষণার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে ই-রিসোর্সের ব্যবহার বাড়াতে হবে। এ সুবিধা কাজে লাগিয়ে দেশের গবেষণা খাতকে এগিয়ে নিতে হবে।’
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে দ্রুতগতির ওয়াইফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণসহ পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস গড়ে তুলতে ইউজিসি উদ্যোগ নিচ্ছে।
এ সময় বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ জয়া, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও হিট প্রকল্পের টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামানসহ ইউজিসি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বিডিরেন, হিট প্রকল্প ও বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে হিট প্রকল্পের মিডটার্ম রিভিউ মিশন উপলক্ষে আয়োজিত পৃথক সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। করোনাভাইরাস মহামারি ও পরবর্তী সময়ে বাস্তবায়ন কাজ কাঙ্ক্ষিত গতিতে না এগোনোয় প্রকল্পের লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের জন্য এর মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। সভায় হিট প্রকল্পের পরিচালক ও কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।


