দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের রোববারের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৩ জন নতুন রোগীর মধ্যে সর্বোচ্চ ৩৮৪ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন। অন্যান্য এলাকার মধ্যে খুলনা বিভাগে ২৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, বরিশাল বিভাগে ১৫৪ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৩২ জন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ১৯৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। বাকি ২ জনের মধ্যে বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ও ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।
এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ৬৬৮ জন (৬২ দশমিক ৬ শতাংশ) এবং নারী ২৩ হাজার ৬৩ জন (৩৭ দশমিক ৪ শতাংশ)। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জনে। চলতি বছরের মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা ৫৭ হাজার ৬১০ জন।
মাসভিত্তিক তথ্যে দেখা যায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনেই সর্বমোট ২৬ হাজার ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৮৭ জনের মৃত্যু হয়েছে।


