দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) থেকে প্রকাশিত রোববারের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৩ জন হাম রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩০ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৪ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং ৩৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৬৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ ছাড়া সিলেটে ১৪৫ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৫৪ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ১৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। রংপুরে শনাক্তদের মধ্যে নয়জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ৩৪৬ জন, চট্টগ্রামে ২৬৯ জন, সিলেটে ১৩৭ জন এবং বরিশালে ১০৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন সন্দেহজনক এবং ২০ হাজার ৫৬২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাম রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। এ দুই শ্রেণির মৃত্যু মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছরে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৫২৪ জনকে টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় এ হার ১১০ দশমিক ১ শতাংশ।
এ ছাড়া দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে ১৯ লাখ ৫ হাজার ৯৫০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ২০ লাখ ৮০ হাজার ৩৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে টিকাদানের হার ১০৯ দশমিক ২ শতাংশ।


