হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
হাম আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু | ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের ‍উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ২৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৫২ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ ধরা পড়েছে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অপরজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১১৬ জন হাম রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৩ জন।

বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং ২৩ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে এ বিভাগে নতুন করে ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে ২৬৪ জন সন্দেহজনক রোগী ও ১৫ জনের হাম নিশ্চিত হয় এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৪ জন।

আরও পড়ুন

এ ছাড়া সিলেট বিভাগে ১৭৭ জন (নিশ্চিত ৯ জন), খুলনা বিভাগে ১১৭ জন, বরিশাল বিভাগে ১০৩ জন (নিশ্চিত ৫ জন), ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ২৬ জন এবং রংপুর বিভাগে ১২ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন সন্দেহজনক এবং ২০ হাজার ৩৯৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে মোট ১ লাখ ৫৬ হাজার ৭১৮ জন রোগী ভর্তি হন এবং ১ লাখ ৫০ হাজার ৬৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামে মোট ৯৪৮ জনের মৃত্যু হয়েছে ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।

বিজ্ঞপ্তিতে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর হালনাগাদ তথ্য তুলে ধরে জানানো হয়, সারা দেশের বিভাগ পর্যায়ে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বমোট ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ১১৪ জনকে টিকা দেওয়া হয়েছে, যা ১১০.০ শতাংশ কাভারেজ অর্জন নিশ্চিত করে।

এর পাশাপাশি সিটি করপোরেশন এলাকাগুলোতে ১৯ লাখ ৫ হাজার ৯৫০ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৬০ জনকে টিকা দিয়ে ১০৯.১ শতাংশ কাভারেজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad