জন্মদিনের শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে এক এক্স পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। একই সঙ্গে ভারতের জনগণের জন্য তার নিবেদিত সেবার প্রশংসা করে সুস্বাস্থ্য কামনা করেন তারেক রহমান।
তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিন বারবার আনন্দের সঙ্গে ফিরে আসুক। সুস্বাস্থ্যের সঙ্গে ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবা অব্যাহত থাকুক—এই কামনা করি।’
জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার আন্তরিক কথাগুলো আমি গভীরভাবে উপলব্ধি করি।’
বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান প্রায় ১৮ মাসের কূটনৈতিক টানাপড়েনের মধ্যে দুই প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় হলো।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে নতুন ধরনের যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলাই ঢাকার লক্ষ্য।
২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক বিরোধ শুরু হয়। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লির অনীহা দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান বিরোধের বিষয় হয়ে ওঠে।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় এলে দুই দেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা গেলেও শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে সরকার অটল থাকায় এখনো ঢাকা-দিল্লি টানাপড়েন চলছে। এরইমধ্যে তারেক রহমানকে একাধিকবার ভারত সফরের আমন্ত্রণ জানানো হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়, শেখ হাসিনাসহ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরত না দেওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই।


