বস্তায় নিরাপত্তাকর্মীকে এনে ফেলার ভিডিও ভাইরাল, মিলল ভিন্ন তথ্য

বস্তায় নিরাপত্তাকর্মীকে এনে ফেলার ভিডিও ভাইরাল, মিলল ভিন্ন তথ্য
সাদা বস্তায় নিরাপত্তাকর্মী। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীতে সাদা প্লাস্টিকের বস্তায় করে এক ব্যক্তিকে এনে একটি প্রতিষ্ঠানের গেটের সামনে ফেলে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে ভিন্ন তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভিডিওতে বস্তায় করে যে ব্যক্তিকে পল্লবীর এভিনিউ-২, ব্লক-এ এলাকায় দি স্যালভেশন আর্মির যক্ষা ও কুষ্ঠ ক্লিনিকে গেটের সামনে এনে রাখতে দেখা যায়, তার নাম নজরুল ইসলাম (৫০)। তিনি ওই প্রতিষ্ঠানে প্রায় ১৫-১৬ বছর ধরে নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করছেন। তার মাসিক বেতন ১৭ হাজার টাকা। তিনি ওই প্রতিষ্ঠানের কোনো প্রকল্প ব্যবস্থাপক নন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নজরুল নাইটগার্ডের দায়িত্বে যোগ দেন। পরদিন সকাল ৬টায় বদলি গার্ড দানিয়েল সরকার দায়িত্ব নিতে এসে তাকে না পেয়ে বিষয়টি প্রকল্প ব্যবস্থাপক বোস এলভিন অথিকে জানান। পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।

ফুটেজে দেখা যায়, ১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তায় করে নজরুলকে প্রতিষ্ঠানের গেটের সামনে এনে রাখেন। পরে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নজরুল নিজেই বস্তা থেকে বের হয়ে কিছুক্ষণ পর গেটের সামনে বসেন। এরপর তিনি ওই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে রিকশায় করে চলে যান।

আরও পড়ুন

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনাটিতে কোনো জোরজবরদস্তির দৃশ্য পাওয়া যায়নি।

প্রাথমিক অনুসন্ধানে নজরুলের ছেলে মো. মেরাজ (২৬) পুলিশকে জানিয়েছেন, কিছুদিন আগে তার বাবা ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। নজরুলের দুই স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। পারিবারিক কোনো কারণে পরিবারের সদস্যদের অগোচরে তিনি আত্মগোপন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে নজরুলের বর্তমান অবস্থান ও বস্তায় করে তাকে সেখানে নিয়ে আসার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জানিয়েছেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর