মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৭০০ বস্তা ইউরিয়া সার ও পাচারে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।
অভিযানে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় দুজনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার ও তিনটি ট্রাক।
আটক দুজন, জব্দ সার ও ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


