নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়াকে চাপ নয়, বরং বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশি ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দুবাইয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা। মুখোমুখি ২৪ টি-টোয়েন্টিতে ২১ জয় নিয়ে ভারত অনেক এগিয়ে থাকলেও সুপ্তা মনে করেন এই চ্যালেঞ্জ বাংলাদেশের উপভোগ করা উচিত।
তিনি বলেন, ‘আপনি যদি সেভাবে ভাবেন, কখনো কখনো এটি চাপ হতে পারে। কিন্তু আমাদের জন্য ভারতের মতো একটি দলের বিপক্ষে খেলা আনন্দের। তারা একটি শীর্ষ দল। আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে ভারতের মতো দলের বিপক্ষে খেলতেই হবে।’
আমিরাতের বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট হারানোর পর সুপ্তার ৩১ বলে ৩৮ রান এবং সপ্তম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে ৪২ রানের জুটি বাংলাদেশকে ১০০ রানের গণ্ডি পার করায়। পরবর্তীকালে বোলারদের নৈপুণ্যে ১০৩ রানের পুঁজি রক্ষা করে জয় পায় দল।
কঠিন সেই মুহূর্তে নাহিদার ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘ওই সময় নাহিদা অসাধারণ ছিল। সে আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এবং আমি তার সঙ্গে এগিয়ে গেছি।’
ম্যাচে রাবেয়া খান ৩টি ও মারুফা আক্তার ২ উইকেট নিয়ে আমিরাতকে ৯ উইকেটে ৬৯ রানে আটকে দেন। এই বোলিং আক্রমণই ভারতের বিরুদ্ধে মূল শক্তি উল্লেখ করে সুপ্তা বলেন, ‘আমরা জানি, এ ধরনের দলের বিপক্ষে কীভাবে জিততে হয়, কারণ আমাদের বোলিং বিভাগের শক্তি সম্পর্কে আমরা জানি।’ সেমিফাইনালে এই আত্মবিশ্বাসকেই কাজে লাগাতে চায় বাংলাদেশ।


