কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এর ম্যাচে কেন্টের বাংলাদেশি পেস জুটি হাসান মাহমুদ ও খালেদ আহমেদের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন মার্টিন অ্যান্ডারসন।
মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে অ্যান্ডারসনের অপরাজিত ১২৯ রানের ওপর ভর করে ডার্বিশায়ার ঘুরে দাঁড়ালেও প্রতিপক্ষ পেসারদের প্রভাব স্বীকার করেছেন তিনি।
টসে হেরে ব্যাট করতে নেমে হাসান ও খালেদের তোপে একসময় ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল ডার্বিশায়ার। ইনিংসের প্রথম বলে হ্যারি কেইম ও পরের বলেই ম্যাথিউ মন্টগোমেরিকে ফেরান হাসান। এরপর খালেদ আউট করেন মুহাম্মদ নাঈম ও অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে।
বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে ব্যাটিংয়ে নিজের চতুর্থ প্রথম শ্রেণির সেঞ্চুরি তুলে নেন অ্যান্ডারসন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে কেন্টের বোলিং আক্রমণ খুব শক্তিশালী। বিশেষ করে হাসান ও খালেদের মতো দুজন টেস্ট বোলার আছে তাদের। তারা আবারও ছন্দে ফিরছে। আর ইংল্যান্ডে সেপ্টেম্বর হওয়ায় সব সময়ই কিছুটা বাড়তি সুবিধা থাকে।’
দিন শেষে কেন্টের হয়ে হাসান ১৫ ওভার ৪ বলে ৩০ রান দিয়ে ৪ উইকেট এবং কাউন্টি অভিষেকে খালেদ ১৮ ওভারে ৭৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। পরবর্তীতে ব্রুক গেস্ট ও শোয়েব বশিরকে ফেরান হাসান, আর জ্যাক মরলিকে বোল্ড করেন খালেদ। দুইজনের মোট ৭ উইকেটের পরও অ্যান্ডারসনের ব্যাটে ৩০০ রান সংগ্রহ করে ডার্বিশায়ার।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেট হারিয়ে ১১ রান তুলেছে কেন্ট। তারা এখনও ডার্বিশায়ারের চেয়ে ২৮৯ রানে পিছিয়ে রয়েছে।


