ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোটসহ আটজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।
শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার সদর থানাধীন ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার, ১টি বাল্কহেড ও ১টি কাঠের বোটসহ আটজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
পরবর্তীতে, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, ভোলা এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনকারীদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয় এবং ১৫ কার্যদিবসের মধ্যে ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোটটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসতভিটা রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


