সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান, সমালোচনার মুখে ইবি প্রক্টর

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান, সমালোচনার মুখে ইবি প্রক্টর
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় হাতে জ্বলন্ত সিগারেট থাকায় সমালোচনা মুখে পড়েছেন প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামানের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অভিযানে থাকা প্রক্টরকে হাতে জ্বলন্ত সিগারেটসহ দেখা যায়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। এসময় প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক ও নিরাপত্তা সেলের কর্মকর্তারা ছিলেন। অভিযানে ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশ, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোণা, পেয়ারা বাগান, ছাত্রীহল এলাকা ও ইবি লেকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ালে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভিডিওতে প্রক্টরিয়াল বডির সদস্যদের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। একইসঙ্গে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের হাতে জ্বলন্ত সিগারেট দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন প্রক্টর এভাবে ওপেনলি সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান করছেন, এটা দেখে শিক্ষার্থীরা কী শিক্ষা পাবে? মাদকবিরোধী অভিযানকারী যদি হাতে মাদক সমমান দ্রব্য রাখেন তাহলে মাদকবিরোধী অভিযানের কোন যৌক্তিকতা থাকে বলে মনে করি না। শিক্ষকদের অবশ্যই প্রকাশ্য ধূমপান থেকে বিরত থাকা উচিৎ।

আরও পড়ুন

আরেক শিক্ষার্থী বলেন, উনার অভিযান দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল। মাদকবিরোধী অভিযানের গুরুত্ব উনি এত গভীরভাবে অনুধাবন করেছেন যে, হাতে সিগারেটটা জ্বালিয়েই মাঠে নেমে পড়লেন। আগুন তো একটা লাগাতেই হবে, সেটা সিগারেটের মুখেই হোক আর মাদকের বিরুদ্ধে অভিযানেই হোক। কিন্তু প্রক্টর স্যারের এই ‘ধোঁয়াটে অভিযান’ দেখে বুঝলাম না, উনি ক্যাম্পাসে মাদক দূর করতে এসেছিলেন, নাকি নিজের সিগারেট ফোঁকার জন্য পরিবেশবান্ধব একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন।

অভিযানে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রক্টরের নির্দেশনায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে চার-পাঁচটি প্রেমিক জুটিকে পাওয়া যায় এবং তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতিতে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রক্টর সতর্ক করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান বলেন, ‘এই ধরনের অভিযান আমাদের নিয়মিত করা হয়, গতকাল জোর দিয়ে করা হয়েছে। অভিযান নিয়মিত চলবে।

তবে ভিডিওটিতে তার হাতে সিগারেট ছিল কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর