দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটে তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মির্জা আব্বাস অধিবেশন কক্ষে প্রবেশ করলে স্পিকার তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘদিন পর চিকিৎসা শেষে সংসদে এসেছেন, আপনাকে স্বাগত।’
এর আগে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি তার জন্য নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে বেশ কিছু নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেন। বুধবার তিনি দেশে ফেরেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন তিনি।


