চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার বিকাল ৫টার পর থেকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অভিযান চলমান ছিল।
অভিযানে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নিয়েছেন। জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের তৎপরতা, সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
সম্প্রতি ওই এলাকায় অপরাধী চক্র ও একাধিক নতুন গ্যাংয়ের আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগ উঠলে এ পদক্ষেপ নেওয়া হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ রাসেল জানান, জঙ্গল সলিমপুরে অপরাধী চক্রের তৎপরতা ঠেকাতে নজরদারি বাড়ানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।


