লালমনিরহাটে শিশু রিয়ামনি ধর্ষণ মামলায় সুজন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন। অনাদায়ে আসামিকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সুজন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
আদালত ও মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালে ৮ বছরের শিশু রিয়ামনি লালমনিরহাট আদালত প্রাঙ্গণের সামনে বাসের জন্য অপেক্ষা করার সময় সুজন তাকে ঘোরানোর কথা বলে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে নির্যাতন চালান। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুজন পালিয়ে যান।
পরবর্তী সময়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দিয়েছেন।


