রাজধানীর কামরাঙ্গীরচরে ঋণ পরিশোধ করতে না পেরে রুহুল আমিন শেখ (২৬) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর আলীনগর বর্ণ বিদ্যালের সামনের একটি বাসা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ মাহমুদ নাহিদ জানান, রুহুল আমিনের বাড়ি শরিয়তপুরের জাজিরা থানার মাধাকান্দি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ শেখ। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর আলীনগরের বাসায় ভাড়া থাকতেন রুহুল আমিন। কাপড়ের ব্যবসা করতেন তিনি। মঙ্গলবার সকাল থেকে বেলা ৩টার মধ্যে কোনো এক সময় বাসায় ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
এসআই আরও জানান, রুহুল আমিন কাপড়ের ব্যবসার জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এ ছাড়া অন্যান্য ব্যবসায়ীদের কাছেও ধার-দেনা করেন। ব্যবসায় লোকসান হওয়ায় ব্যাংকের কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি। পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকেন। এসব কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে পরিবার দাবি করেছে।


