পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।
জামিনের আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার শুনানির জন্য নির্ধারিত বিষয়গুলো নিয়ে ট্রাইব্যুনালে কার্যক্রম হলেও মামুন খালেদের জামিন আবেদনের শুনানি হয়নি। পরে ট্রাইব্যুনাল শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করে।
আদালতে মামুন খালেদের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ ইমন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, শহিদুল ইসলাম সরদার ও তারেক আবদুল্লাহ।
মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল মঙ্গলবার। তবে তদন্ত শেষ না হওয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে আরও সময় চাওয়া হয়। তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করে।
মামুন খালেদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের অনুমতি দেওয়া হয়েছিল গত ১৩ এপ্রিল। এর আগে ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলাটি আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনাগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ।


