জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নোয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানুষ ও মানবতারও কবি। তার কবিতা ও গানে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি প্রেম, সাম্য ও মানবতার বাণী উচ্চারিত হয়েছে। ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণি কিংবা লিঙ্গের পরিচয়ের ঊর্ধ্বে মানুষকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি তার সৃষ্টিকে অনন্য করে তুলেছে।
বক্তারা আরও বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় বিভেদ, জাতপাতের সংকট ও নানা ধরনের শোষণের বাস্তবতা নজরুলের কবিমনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। ফলে তার কবিতা হয়ে উঠেছিল নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর।
আয়োজকরা জানান, জেলার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিযোগিতার বিভাগগুলোর মধ্যে রয়েছে নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।


