কুষ্টিয়ার মিরপুরে বাড়িতে একা পেয়ে এক গৃহবধূকে চাইনিজ কুড়াল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মজিবুল হক (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চাইনিজ কুড়ালটি উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে কুষ্টিয়া সদর থানার জুগিয়া কবরস্থান এলাকা থেকে মজিবুল হককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। পরে থানায় মামলা করা হয়।
গ্রেপ্তার মজিবুল হক মিরপুর উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মজিবুল হক ভুক্তভোগী গৃহবধূর বাড়ির পেছনের দেয়াল টপকে ঘরে প্রবেশ করেন। এ সময় তার হাতে একটি চাইনিজ কুড়াল ছিল। পরে ওই কুড়াল দেখিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি।
গৃহবধূর চিৎকার ও প্রতিরোধের মুখে অভিযুক্ত পালিয়ে যান। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় মামলা করা হলে অভিযানে নামে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য ও দেখানো মতে একই দিন দুপুরে মিরপুর থানার পশ্চিম চুনিয়াপাড়া এলাকায় একটি বাড়ির পেছনে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় লোহার তৈরি চাইনিজ কুড়ালটি উদ্ধার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার আট ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত চাইনিজ কুড়ালটিও আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


