এনসিপির নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের হয়ে জুলাই গণ-অভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে ২০২৪ সালের ১৯ জুলাই মিটিং করেছিলেন। আজ তারা জুলাই গণ-অভ্যুত্থানের নায়ক হিসেবে নিজেদের দাবি করেন।’
‘এনসিপি জামায়াতের মাঝে বিলীন হয়ে গেছে’ মন্তব্য করে রাশেদ খান বলেন, ‘আজ হাসনাত ও সারজিসরা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন। কিন্তু তারাই তো জুলাই গণ-অভ্যুত্থানে এক দফা চাননি।’
শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শেখ হাসিনা ও ওসমান হাদির খুনীদের ফেরত পেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
তিনি বলেন, ‘পলাতক শেখ হাসিনা ভারতে বসে সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন। আবার বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে ভারত। এভাবে তো হয় না। ভারত যদি পালিয়ে থাকা সব অপরাধীদের ফিরিয়ে দিতে ইতিবাচক মনোভাব দেখায়, তাহলে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন।’
দেশের জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলেও জানান রাশেদ খান। বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের জনগণের স্বার্থ দেখতে হবে। ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে।’


