বগুড়ার নন্দীগ্রামে আমেনা খাতুন (৭) নামে এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু হোসাইন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
শুক্রবার বিকালে উপজেলার পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত আবু হোসাইন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে বাড়ির বাইরে খেলছিল আমেনা। এ সময় হোসাইন তাকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন। তিনি দা দিয়ে শিশুটিকে কুপিয়ে পরে লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত আমেনাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা হোসাইনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।
হোসাইনের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, আটক যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। তিনি মানসিক ভারসাম্যহীন কি না, তা যাচাই করা হবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
ওসি জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে।


