১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিক ঘিরে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ফ্ল্যাটে গোপন বৈঠক থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫২ জনের মধ্যে ১৫ জনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ভাটারা থানার উপ-পরিদর্শক মো. হাফিজুর রহমান। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, যুবলীগ নেতা মোত্তালিব (৩৫), যুবলীগ নেত্রী মেহজাবিন আক্তার মালা (২৭), যুবলীগ নেতা মো. রুবেল (৩২), জি কে মাসুদ (২৮), অন্তর মিয়া (১৯), মো. রমজান (৪৫), মামুন (২৯), মিঠু ওরফে আমির হোসেন (৩০), আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ (১৯), মো. সুমন মিয়া (৩০), আরিফ মিয়া (২২), মোস্তাক মিয়া (২০), সাইম হোসেন (২০), জাহিদ হাসান (১৯) ও শাহীন হোসেন ইমন (২০)। তারা নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী ইসলাম মিয়া রাকিব ১৫ আসামির রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন। অপরদিকে তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ঘিরে নাশকতা ও দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এন-ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। পুলিশ উপস্থিত হলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে মোট ৫২ জনকে আটক করা হয়। পরবর্তীতে গত শুক্রবার ১৪ আগস্ট বিকালে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওইদিন এর মধ্যে দুই আসামিকে বয়স বিবেচনায় শিশু হওয়ায় গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।


