প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকারী চার নেতা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে নবনিযুক্ত চার সদস্য রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামকে আরও কার্যকর করতে চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতা দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে বলে আশা করা হয়েছে।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু ও পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করা হলেও এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে নেওয়া হলো।
১৯ সদস্যের জাতীয় স্থায়ী কমিটিতে আগে ১৩ জন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তারা হলেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
দলীয় সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন।
নতুন চার সদস্য যুক্ত হওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে বর্তমানে সদস্য সংখ্যা ১৬ জন।


